ক্যাম্পে র‍্যাবের সঙ্গে গোলাগুলি

আরসার শীর্ষ কমান্ডারসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে র‍্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। আরসা সদস্যরা ক্যাম্পে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে র‍্যাব অভিযানে গেলে এ ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গোলাগুলির পর আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিস্ফোরকসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানকালে এ ঘটনা ঘটে জানিয়ে র‍্যাব-১৫’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা পরিকল্পনা করছেন একদল দুষ্কৃতকারী। এমন তথ্য পেয়ে র‍্যাব-১৫ একটি আভিযানিক টিম সোমবার রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের অভিযানে যায়। সেখানে পৌঁছার পর অভিযান দলের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায়  আভিযানিক টিমও গুলি ছোড়ে। এভাবে গোলাগুলি চলতে থাকে।’

ছবি: ইত্তেফাক

তিনি আরও বলেন, ‘গোলাগুলির পর ক্যাম্পের একটি ঘর থেকে আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ আরসার চারজন সদস্যকে অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আরও চার-পাঁচজনের একটি গ্রুপ পালিয়ে গেছে।’

ছবি: ইত্তেফাক

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য নিয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে আরও বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, সোমবার ভোরে ক্যাম্প ৩ ও ৪-এ এপিবিএন সদস্য ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। পৃথক এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর ১৮ ঘণ্টা পার হতে না হতেই র‍্যাবের সঙ্গে আরসা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটল।

ইত্তেফাক/এইচএ