চিফ হুইপসহ শেখ পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, কাজী জাফরুল্লাহর ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শেখ সেলিম, শেখ হেলালসহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহর চাচাতো ভাই ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত উল্লাহ সাকলাইন কাজীর নামে মাদারীপুরের শিবচর থানায় অভিযোগ করা হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে শিবচর উপজেলা যুবলীগ সভাপতি এ অভিযোগটি দায়ের করেন। কুরুচিপূর্ণ এই বক্তব্যর জন্য এলাকার মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শিবচর থানায় অভিযোগ করা হয়েছে। ছবি: ইত্তেফাক

জানা যায়, গত ৭ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া গ্রামে এক উঠান বৈঠকে ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর চাচাতো ভাই ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী তার বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তন্ময়সহ শেখ পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর ও নির্বাচন আচরণবিধি বহির্ভূত কথা বলেন। তার এই কুরুচিপূর্ণ বক্তব্যটি ‘ফরিদপুর-৪ আপডেট নিউজ’ নামের একটি ফেসবুক একাউন্টের মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটি শিবচর উপজেলা যুবলীগ সভাপতি মো. ইলিয়াস হোসেন পাশার নজরে এলে এ দিন রাতেই তিনি বাদী হয়ে হেদায়েত উল্লাহ সাকলাইনের বিরুদ্ধে শিবচর থানায় একটি অভিযোগ করেন। 

শিবচর উপজেলা যুবলীগ সভাপতি মো. ইলিয়াস হোসেন বলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি নির্বাচনী উঠান বৈঠকে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতার ভাই হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী মাদারীপুর-১ আসনের ৬ বারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও শেখ পরিবারের অন্য নেতাদের নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আশা করি এই হেদায়েত উল্লাহ সাকলাইন কাজী তার বক্তব্য প্রত্যাহার করে জাতীর কাছে ক্ষমা চাইবে। 

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশের মতো আমাদের এখানেও আইন-শৃংখলা বজায় রাখতে ও আচরণবিধি রক্ষায় কার্যক্রম চলছে। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকে যে এজাহারটি পেয়েছি সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/পিও