আমরা বিএনপি করি নাই, মনে করতাম আমরাই বিএনপি: মাহী চৌধুরী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:৫৮

মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মাহী বি. চৌধুরী বলেছেন, ২৫ বছর ধরে সক্রিয় রাজনীতিতে আছি। এর আগে আমার বাবা করেছেন, দাদা করেছেন। আমাদের কিছু উপলদ্ধি হয়েছে। সেই উপলদ্ধিতে নির্বাচনটা করছি। রাজনীতিতে আমি আমার নিজেকে চিনেছি। বুঝেছি আমি কোন রাজনীতি করতে পারবো, কোনটা পারবো না। আগামী ৭ জানুয়ারির নির্বাচন আমাদের জন্য ক্ষমতায় যাওয়ার নির্বাচন না। শুধুমাত্র একটা আসনে বিকল্পধারার জয়লাভ করার নির্বাচন না। এই নির্বাচন চৌধুরী পরিবারের ইজ্জতের নির্বাচন। এই নির্বাচন বিক্রমপুরের মানুষের ইজ্জতের নির্বাচন। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটায় বিকল্পধারার কর্মী সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন বীরতারা ইউপি চেয়ারম্যান ও বিকল্পধারার শ্রীনগর উপজেলার আহবায়ক গাজী শহীদুল্লাহ কামাল।  

বিকল্পধারার মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী আরও বলেন, আল্লাহকে হাজির-নাজির করে বলতে চাই, আমি যেই রাজনীতি করতে চাই, সেই রাজনীতি করবো। রাজনীতিবিদদের মাঝে মাঝে মনের কথা মুখে বের করতে হয় না। আমি এবার মনের কথা, বুকের কথা মুখ দিয়ে বলব। এতে আমার রাজনীতির কি ক্ষতি হবে তা বুঝে লাভ নেই। কফিলউদ্দিন চৌধুরী, বি. চৌধুরীর যে ঐতিহ্য সেই ঐতিহ্যের বাইরে আমি রাজনীতি করতে পারবো না। আমার মনেরটা লুকিয়ে আমি আর অভিনয় করেতে পারবো না। জন্মের পর থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে আসছি। বিএনপি প্রতিষ্ঠা করেছে আমার বাবা বি. চৌধুরী। বিএনপির গুলশানের প্রথম অফিসের পর্দা হয়েছে আমার মায়ের দেওয়া আমাদের বাসার পর্দায়। আমরা বিএনপি করি নাই, মনে করতাম আমরাই বিএনপি। বিএনপির তৃণমূলের সঙ্গে আমাদের কোনদিন কোনো সমস্যা হয় নাই। আমাদের সমস্যা হয়েছে উপরের তলায়। 

তিনি আরও বলেন, ২০০১ সালে আমার পরিচালনায় হয়েছে ‘সাবাস বাংলাদেশ’। আওয়ামী লীগের অত্যাচার তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগকে শত্রু ভেবে রাজনীতি করেছি। কোনদিন স্বপ্নেও চিন্তা করি নাই ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করতে হবে। 

কর্মীসভায় মাহী বি. বলেন, ২০১৮ সালে আনন্দের সঙ্গে নৌকায় উঠেছি। চৌধুরী পরিবারের শিকড় কফিলউদ্দিন চৌধুরীর নৌকায় উঠেছি। ১৯৫৪ ও ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগের এমপি হয়েছেন। রাজনীতিতে প্রধান হচ্ছে শিকড়, আমার শিকড় কফিলউদ্দিন চৌধুরী। শিকড় বা মূল না থাকলে কি থাকে? আর এখন শুনছি তৃণমূল বিএনপি। তৃণমূল না আসলে ছিন্নমূল। তৃণমূল বিএনপির শিকড় দোহারে। 

মাহী বি. চৌধুরী বলেন, গত ৫ বছর আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছি। কাজ করতে গেলে তো কিছু সমস্যা হবেই। কিন্তু সমস্যার কথা আজ বলতে চাই না। আজ বলতে চাই আওয়ামী লীগ সম্পর্কে আমার ভালো উপলদ্ধি হয়েছে। আমিতো আওয়ামী লীগ সম্পর্কে জানতাম না। আওয়ামী লীগকে শত্রু ভেবে রাজনীতি করেছি। এক সঙ্গে কাজ করতে এসে দেখেছি তাদের আবেগ একটু বেশি। যে দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়, তাদের আবেগ একটু বেশি হতেই পারে। আগে ভাবতাম ছাত্রলীগ মানেই মারামারি, কিন্তু ছাত্রলীগ যুবলীগের মধ্যে অনেক দেশ প্রেমিককে দেখেছি। আজ সবকিছু ভালোভাবে দেখতে চাই। ভালো-খারাপ মিলিয়েই মানুষ। আমার নির্বাচন কোনো দলের বিরুদ্ধে নয়। আওয়ামী লীগ, বিএনপির বিরুদ্ধে নয়, বিক্রমপুরের মানুষের পক্ষে নির্বাচন করছি। 

আগামী ৭ তারিখ পর্যন্ত তিনি তার দলের কোন কর্মীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর বিরুদ্ধে কথা না বলার নির্দেশ দেন। তিনি বলেন, মানুষ কখনো ক্ষমতার মালিক হয় না। ক্ষমতার মালিক আল্লাহ। মানুষকে ক্ষমতাবান মনে করলে তা শিরক গুনাহ।

মাহী বি. চৌধুরী বলেন, আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তার বোন ডা. শায়লা চৌধুরীর নেতৃত্বে ১৫ জন চিকিৎসক শ্রীনগর ও সিরাজদিখানে ৬টি মেডিকেল ক্যাম্প করবে। আগামী ২১ ডিসেম্বর মজিদপুর দয়হাটার শান্তি কুঞ্জ থেকে বিকল্পধারার প্রচারণা শান্তি এক্সপ্রেস নামে কাজ শুরু করবে। ২৮টি ইউনিয়নে বিকল্পধারা ১২০টি পথসভা করবে। শান্তি প্রিয় মানুষ আমাদের পাশে থাকবে ইনশআল্লাহ।

ইত্তেফাক/পিও