বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গল ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নড়াইল: নড়াইলে মাটিকাটা গাড়ি লাটা হাম্বার চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাঈম সরদার (১৩)। মঙ্গলবার দুপুরে নড়াইল-মাগুরা সড়কের হবখালী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সরদার হবখালী হামিদুন নেসা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও সদর থানার সুবুদ্ধিডাঙ্গা গ্রামের নাজমুল সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাঈম সরদার হবখালী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লাটা হাম্বার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঐ গাড়ির চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর উপজেলার পাঠনচড়া বাজার সংলগ্ন স্লুইসগেট আঞ্চলিক রাস্তায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত হলেন মোটরসাইকেল চালক এফাজউদ্দিন (৬৫)। তিনি উপজেলার কাটলা ময়ামারি গ্রামের বয়েন উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় নিহতের স্ত্রী ও অপর মোটরসাইকেলের চালক এবং আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহতের স্বজন বাবু বলেন, মঙ্গলবার সকালে এফাজউদ্দিন তার স্ত্রী সহকারী শিক্ষিকা ফেরদৌসী বেগমকে ভাইগড় নিশিবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পাঠনচড়া বাজার সংলগ্ন স্লুইসগেট আঞ্চলিক রাস্তায় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই মোটরসাইকেলের চার আহতকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বেলা ১১টার দিকে এফাজউদ্দিনের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিরুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অপর আহতদের মধ্যে নায়েব উদ্দিনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও দুই জনকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোর: নাটোরে মালবোঝাই ট্রাক উলটে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়সাল ইসলাম সেলিম। এ সময় ট্রাকের হেলপার গুরুতর আহত হন। সোমবার দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ফয়সাল ইসলাম সেলিম ঝিনাইদহ জেলার মহেশখালী এলাকার বাসিন্দা।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা জানান, মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাদে পড়ে যায়। এ সময় খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে চালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
