ডেঙ্গুতে একদিনে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ২০৭

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৯:২০

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯২ জনে। 

বুধবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২০৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৭ জন। এছাড়া ঢাকার বাইরের ১৫০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরের একজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৯ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৬৭৩ জন, আর ঢাকার বাইরের দুই লাখ ১০ হাজার ২০৫ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭০ জন এবং ঢাকার বাইরের ১৭৩ জন। তাছাড়া গত ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৬ হাজার ৮৮৯ জন। 

ইত্তেফাক/ডিডি