গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা ও মানবিক সমস্যা সমাধান করা রাশিয়ার কাছে এক নম্বর অগ্রাধিকার। রাশিয়ান-আরব সহযোগিতা ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর তাসের।
রাশিয়ার শীর্ষ কূটনীতিক বলেন, ‘আমাদের বৈঠকটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অভূতপূর্ব উত্তেজনা ও বিশ্বে ক্রমাগত অশান্তির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে৷ এর মাধ্যমে উদীয়মান চ্যালেঞ্জ ও হুমকির জটিল প্রকৃতির আলোকে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদার সংক্রান্ত কাজ মোকাবিলার জন্য আমাদের একাত্ম করে। এই অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করা ক্রমবর্ধমানভাবে প্রাসঙ্গিক।’
ল্যাভরভ বলেন, ‘৭ অক্টোবরের হামলার পর বিশ্বের সবচেয়ে পুরানো ক্ষতস্থান ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ তীব্রভাবে বেড়েছে৷ এবার আমরা সহিংসতার সাক্ষী। রোজ এখানকার বিপর্যয়ের মাত্রা গুরুতর হচ্ছে। নিহত ও আহতদের সংখ্যা কয়েক হাজার। তাদের বেশিরভাগই গাজা উপত্যকার বেসামরিক নাগরিক, শিশু ও নারী।’
ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে ছিটমহলের জনসংখ্যার দুর্ভোগ আরও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে রক্তপাত বন্ধ করা ও প্রয়োজনে সকলকে মানবিক সহায়তা প্রদানের শর্ত নিশ্চিত করাকে আমাদের মূল কাজ বলে মনে করছি।’
রাশিয়া তার সমমনাদের সঙ্গে মিলিত প্রচেষ্টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করতে পেরেছে। যদিও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দিয়েছিল। তারা একতরফা অবস্থান নেয় ও যথারীতি যেকোনো প্রক্রিয়া দখল করার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন ল্যাভরভ।
