বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। বুধ ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নিয়ামতপুর (নওগাঁ) : নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করা হয়। বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল সড়কের টগরইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ (১৯) এবং মোটরসাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাবীব (২০) । নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) কওছার আলম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই এবং আরোহী নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিকআপসহ চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বুলবুল হোসেন (৪৫)। দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে।
বিরামপুর (দিনাজপুর): বিরামপুর পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্পের অদূরে মহাসড়কের উপর ট্রাকের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সালাম সন্টু (২৮)। নিহতের স্বজনরা বলেন, বুধবার দুপুরে আব্দুস সালাম সন্টু মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে বিরামপুর শহরে প্রবেশের সময় কলেজ বাজার পেট্রোল পাম্পের অদূরে মহাসড়কের ওপর বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু ঘটে। বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর-নোয়াপাড়া ব্রিজে টমটম গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি হলেন— মোটরসাইকেলচালক বুলবুল ইসলাম (৪৮)। বুধবার দুপুরে পুলিশ নিহত বুলবুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলায় মাটিকাটা শ্রমিকের সর্দার হয়ে কাজ করছেন।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-বিমানবন্দর সড়কে পিকআপভ্যান, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মনির হোসেন (১৮) ঈশ্বরদীর পিয়ারাখালী গ্রামের ফজল হোসেনের ছেলে। সে কলেজে লেখাপড়া করত। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
