নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেবেন না ইমরুল

প্রতি ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার, প্রতি মাসে সেরা রেফারি পুরস্কার, লিগের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার, বিপিএলের ওয়েবসাইট উদ্বোধন আজ, থাকবে ফেসবুক পেজ, ফিকশ্চারে পরিবর্তন, জাতীয় সংসদ নির্বাচনে আট দিন খেলা বন্ধ থাকবে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:০০

স্বাধীনতা কাপ ফুটবল ফাইনালের পরই মাঠে গড়াচ্ছে দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)। আগামী শুক্রবার দেশের চার ভেন্যু গোপালগঞ্জ, রাজশাহী, ঢাকায় ময়মনসিংহে লিগের চারটি খেলা হবে এক দিনে। পঞ্চম ভেন্যু মুন্সীগঞ্জ। বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনো প্রস্তুত না। মন্ত্রণালয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করেনি। কমলাপুর স্টেডিয়ামের টার্ফে ক্লাবগুলো খেলতে চায় না।

প্রিমিয়ার লিগের নতুন চেয়ারম্যান ইমরুল হাসান লিগ নিয়ে নতুন পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন মাত্রই দায়িত্ব পেয়েছেন। আগামী মৌসুমে আরও কিছু নতুন পরিকল্পনা করতে চান তিনি। এ বছর লিগের ফিকশ্চারে তৃতীয় রাউন্ড থেকে একটু পরিবর্তন হয়ে যাবে, যেন চাইলেই কোনো দল আগে থেকে ম্যাচের ভবিষ্যৎ অনুমান করতে পারে। তবে গতানুগতিক ফিকশ্চারের পরিবর্তে এবারের ফিকশ্চারে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানান লিগ কমিটির চেয়ারম্যান। লিগের পঞ্চম রাউন্ড হতে পরিবর্তনটা দেখা যাবে।

আগামী বছর লিগ কমিটির পরিকল্পনা আছে যদি ১০টি দল লিগে খেলে তাহলে আগামীতে প্রথম পর্ব শেষে শীর্ষ ৫টি ক্লাব নিয়ে পরস্পরের মধ্যে খেলা হবে এবং নিচের ৫ দল নিয়ে রেলিগেশন লিগ। শীর্ষ দলের মধ্যে যেটি হবে সেটি সুপার লিগের মতোই কিন্তু খেলা হবে ডাবল লিগের মতোই। লিগ কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমি জানি না বাস্তবায়ন করতে পারব কি না, এটা অনেক দূরের ব্যাপার।’ 

লিগে এখানে আকর্ষণ আনার জন্য করা হয়েছে। তা ছাড়া শেষ দিকে বড় ক্লাব যদি ছোট ক্লাবের বিপক্ষে খেলে সেক্ষেত্রেও ম্যাচ নিয়ে সন্দেহ থাকবে না। বড় দল খেলবে বড় দলের বিপক্ষে। আর নিচের ক্লাবগুলো বাঁচার চেষ্টায় মরিয়া হয়ে লড়াই করবে। আন্তর্জাতিক ক্যালেন্ডার দেখে লিগের ফিকশ্চার করতে চান ইমরুল হাসান। এতে ম্যাচ কম বেশি হবে কি না, সেটি নিয়ে লিগ কমিটির ভাবনা রয়েছে।

এবারের লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরই পরবর্তী মৌসুমের ফিকশ্চার জানিয়ে দিতে চান ইমরুল। যেন ক্লাবগুলো তাদের পরিকল্পনা সাজিয়ে নিতে পারে। পরবর্তী সময়ে মৌসুমের খেলা নিয়ে আরও পরিকল্পনা রয়েছে।

লিগের ফুটবলারদের মধ্যে ম্যাচ-সেরা খেলোয়াড় পুরস্কার প্রথা চালু করা হবে। প্রতি ম্যাচেই সেটি থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুটবল রেফারিরা কোনো টুর্নামেন্ট ছাড়া পুরস্কার পান না। এবার রেফারিদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘প্রতি ম্যাচে সেরা খেলোয়াড় পুরস্কার, প্রতি মাসে সেরা রেফারি পুরস্কার দেওয়া হবে। যেন রেফারিরা উজ্জীবিত হন। একটা মাঠের পুরস্কার সব সময় ফুটবলারদের কাছে যায়। রেফারিরা বড় দায়িত্ব পালন করেন। রেফারিরা মাঠের সবচেয়ে বড় বিচারক। যিনি ভালো করবেন তার একটা মূল্যায়ন থাকা দরকার। তাই মাস শেষে আমরা মাসের সেরা রেফারিকে পুরস্কৃত করব। 

এছাড়াও লিগের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার থাকবে।’ প্রতিদিনের ম্যাচ-সেরা পুরস্কার ক্রেস্ট আর লিগ শেষে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার জন্য আর্থিক পুরস্কারের কথা জানান ইমরুল হাসান। তিনি বলেন, বিপিএলের ওয়েবসাইট উদ্বোধন আজ, থাকবে ফেসবুক পেজ। ওয়েব সাইট থাকলে একটা ক্লাবের পুরো তথ্য সেখানে থাকবে। যে কেউ দেখতে পারবেন। আমরা যেমন ফিফা এএফসি, ক্রিকেটের কিছু গুরুত্বপুর্ণ ওয়েব সাইট দেখি। ঠিক সে রকম ফুটবল লিগের জন্য একটা ওয়েব সাইট খোলা হবে। ফেসবুক পেজ।’ জাতীয় সংসদ নির্বাচনে আট দিন খেলা বন্ধ থাকবে।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সব ক্লাব তার কাছে সমান গুরুত্ব পাবেন কি না—এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কেন তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন? ইমরুলের কণ্ঠে এক কথার জবাব, ‘ফুটবলের স্বার্থেই  দায়িত্ব নিয়েছি। আমার নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। আমি নিজেকে সেরকম কিছু মনে করি না। লিগ কমিটিতে আগেও সংযুক্ত ছিলাম। হয়তো প্রেসিডেন্ট ছিলাম না। কাজে-কর্মে সদিচ্ছার কোনো অভাব নেই। আপনারা সেটা প্রমাণ পাবেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এবারের লিগের জন্য স্পন্সর এনেছি। আগে হিসাব করে দেখুন তো কবে থেকে লিগের স্পন্সর নেই। আর বিতর্ক কোথায় নেই বলুন তো। ফিফার খেলায় কি বির্তক হয় না, বিতর্ক ফুটবল খেলারই পার্ট।’

রেফারিদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। ইমরুল বলেন, ‘আমি স্পন্সর এনেছি এই টাকায় লিগ চালাব। আসছে লিগের পারিশ্রমিক পাবেন রেফারিরা। পেছনের বকেয়া আমি শোধ করব না।’     

ইত্তেফাক/জেডএইচ