মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক 'বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা এই আইনের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঢাকায় গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘেরাও করার হুশিয়ারি দেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় প্যারিস রোডে এ বিক্ষোভ মিছিল করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের হুশিয়ারি দেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, যেখানে প্রাণিসম্পদে একটি প্রতিষ্ঠিত কাউন্সিল 'বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ বিদ্যমান, সেই জায়গায় দাঁড়িয়ে এই আইনের সাথে সাংঘর্ষিক, উদ্দেশ্যপ্রনোদিতভাবে, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ও পক্ষপাতদুষ্ট আরেকটি কাউন্সিল 'এনিমেল হাসবেন্ড্রি কাউন্সিল আইন- ২০২৩' গঠন করার কোনো যৌক্তিকতা নেই। এতে করে প্রাণিসম্পদের উন্নয়ন ব্যাহত হবে, প্রাণিসম্পদ সেক্টরের সবার মাঝে ফাঁটল ধরবে। এছাড়া আরও অনেক জটিলতা সৃষ্টি হবে।
তারা আরও বলেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল দীর্ঘদিন ধরে ভেটেরিনারি পেশার স্বার্থে কাজ করে যাচ্ছে। হঠাৎ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব যে সিদ্ধান্ত নিয়েছেন এটা প্রাণিসম্পদের পেশার সাথে সংশ্লিষ্টদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টির পাঁয়তারা ছাড়া আর কিছু নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে কিন্তু শুধুমাত্র ভেটেরিনারি কাউন্সিল রয়েছে, এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল নামে কোনো কাউন্সিল নেই উল্লেখ করে এ দাবির দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা।
বিক্ষোভ শেষে শহীদ বুদ্ধিজীবী এক সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১৮ ডিসেম্বর মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের আহবানে আয়োজিত সভায় 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এই আইন সম্পূর্ণ অযৌক্তিক, পক্ষপাতদুষ্ট এবং বিদ্যমান 'বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯' এর সাথে সরাসরি সাংঘর্ষিক বলে দাবি করেন তারা।
বিদ্যমান 'বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯' এর বিভিন্ন ধারা ও উপধারা বিশেষ করে ধারা-২ এর উপধারা-১২ ও ১৫ এবং ধারা-৩০ অনুযায়ী প্রাণীসম্পদের উন্নয়ন, খাদ্য, উৎপাদন, স্বাস্থ্য চিকিৎসা, সম্প্রসারণ, প্রাণী ও প্রাণীজাত পণ্যের গুনগতমান নিয়ন্ত্রণ, কৃত্রিম প্রজনন, প্রজনন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্থাপন ও ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান ও মাননিয়ন্ত্রন কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। নির্বাচনকালীন সময়ে বিদায়ী সচিব, মৎস্য ও প্রাণীসম্মদ মন্ত্রণালয় কর্তৃক 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের উদ্যোগ স্পষ্টত উদ্দেশ্য প্রণোদিত, যার কোন যৌক্তিকতা নেই। বিদায়ী সচিব এনিমেল হাজবেন্ড্রির গ্র্যাজুয়েট হাওয়ায় তিনি এই পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন, যা পরবর্তীতে প্রাণীসম্পদ অধিদপ্তরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত করবে। তাই এ সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে।

ইবিতে শীতকালীন ছুটি শুরু শনিবার
শেকৃবিতে ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার