সীতাকুণ্ডে আসন্ন জাতীয সংসদ নির্বাচনের লড়াইয়ে নেমেছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা।
জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে আওয়ামী লীগের এসএম আল মামুনের মার্কা নৌকা, জাতীয় পার্টির দিদারুল কবির দিদারের লাঙ্গল মার্কা, স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের মার্কা ঈগল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোজাম্মেল হোসেনের চেয়ার মার্কা, বাংলাদেশ কংগ্রেসের মো. সহীদুল ইসলাম চৌধুরীর মার্কা ডাব, তৃণমূল বিএনপির খোকন চৌধুরীর সোনালী হাঁস প্রতীক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ আকতার হোসেনের টেলিভিশন মার্কার প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া কামনা করছেন।
জানা গেছে, প্রত্যেক প্রার্থী প্রচারণায় নেমে ভোটারদের আকৃষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ভোটারদেরকে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দানের জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন। এবং তার নিজের মার্কাটা ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন। তবে প্রচারণার ক্ষেত্রে নৌকার প্রার্থী এগিয়ে আছে। কারণ নৌকার প্রার্থীর বিশাল কর্মী বাহিনী নিয়ে গ্রাম-গঞ্জে চষে বেড়াচ্ছেন। আর লাঙ্গলের প্রার্থী বুধবার থেকে পৌরসদরের বাজারের প্রতিটি দোকানে দোকানে ২ ঘণ্টাব্যাপী প্রচারণা চালায়।
এদিকে ঈগল মার্কার প্রার্থী ইমরান এখনো প্রচারণার দিক দিয়ে পিছিয়ে আছে। কারণ তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়। তা ছাড়া আগামী নির্বাচনে কার দৌড় কতটুকু এবং কার জনপ্রিয়তা প্রচারণায় সবচেয়ে বেশি তা আরও ২/৩ দিন পর বুঝা যাবে।
অপরদিকে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে নৌকার পক্ষে প্রচারণা চালান এবং নৌকার নির্বাচনী প্রচারণাগুলো গুরুত্বের সঙ্গে যার যার পত্রিকায় তুলে ধরার জন্য আহ্বান জানান। পরে তিনি প্রেস ক্লাবসংলগ্ন মার্কেটসহ পৌরসদরের বিভিন্ন দোকানগুলোতে নৌকার পক্ষে ভোট চান।
