নতুন কিছু নিয়ে পেশাদার লিগ শুরু আজ

কার ভেন্যু কোথায়

ময়মনসিংহে মোহামেডান, পুলিশ এফসি। রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিস এফসি। মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনী এবং রহমতগঞ্জ। গোপালগঞ্জে আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকায় কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়া চক্র।

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:২১

দেশের ফুটবলের হৃদপিণ্ড পেশাদার লিগ। এটি যতক্ষণ চালু আছে, দেশের ফুটবলও যেন  কোনো রকমে বেঁচে আছে। পেশাদার ফুটবল লিগের খেলোয়াড়রা এই একটা লিগ খেলে অর্থ উপার্জনের পথ পেয়েছেন। এখন দেশের ফুটবলে এমনও খেলোয়াড় রয়েছেন যার পারিশ্রমিক কোটি টাকার বেশি। বিদেশি ফুটবলার এমনও আছেন যার বেতন মাসে ৩৫ লাখ টাকা। এই দুই হিসাব বাদ দিলেও বাকি নিচের সারির ফুটবলার যারা, তারাও ভালো অঙ্কের অর্থ আয় করছেন। 

সেদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তা ইশতিয়াক সাদেক চায়ের টেবিলে বলছিলেন ‘এখন ফুটবলারদের অনেক ডিমান্ড। ৫ লাখ টাকায় খেলে পরের বছর ২০ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। একটু ভালো খেলতে পারলেই পারিশ্রমিক চাইতে কার্পণ্য করেন না।’ ইশতিয়াক সাদেকের কথা ঠিক। এখন সেটাই হচ্ছে।  ঘরোয়া ফুটবল লিগ এখন দর্শক টানতে না পারলেও লিগ এখন ফুটবলারদের রুটি-রুজি। যারা বড় দলে খেলছেন তারা গাড়ি বাড়ি করতে পারছেন খুব কম সময়ে। একজন ফুটবলারের জন্য লিগ মানেই  বেঁচে থাকার অবলম্বন। কিন্তু লিগটাকে যদি আকর্ষণীয় করা না যায় তাহলে দর্শক আগ্রহ কমতে থাকবে। আকর্ষণীয় করতে আজ থেকে শুরু হওয়া পেশাদার ফুটবল লিগটাকে একটু প্রেলেপ দিয়ে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে।

বিশেষ করে স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং, কীভাবে রোধ করা যায় সেটা নিয়ে ফিকশ্চারে পরিবর্তন করা হয়েছে। সহজ ভাষায় পয়েন্ট টেবিলের এক নম্বর দলটা শেষ ম্যাচ খেলত দুই নম্বরে থাকা দলের বিপক্ষে। সেটি পরিবর্তন করে এক নম্বর দল কয়েক রাউন্ড পরই দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে। এতে লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান মনে করছেন এটা ভালো হবে। তিনি বললেন, ‘চ্যাম্পিয়ন রানার্সআপ দলগুলো লিগের মাঝপথেই খেলতে হবে। অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে লিগের শেষের দিকে যখন ছোট দলগুলো পরস্পরের সঙ্গে খেলে তখন জোট তৈরি হয়। অমুককে রেলিগেটেড করা হবে, কাউকে টার্গেট করে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এমনটা প্রচলিত আছে।’

তিনি আরও বলেন, ‘কিছু খেলা আপসে হয়ে থাকে। এসব দৃষ্টিভঙ্গির কারণে ফিকশ্চারটা চেঞ্জ করেছি। আমাদের নজরদারি থাকবে।’ ম্যাচ-সেরা খেলোয়াড় দেওয়া হবে, আর রেফারিজ কমিটি প্রতি মাসের সেরা রেফারি নির্ধারণ করবে। দর্শক যারা খেলা দেখবেন তারা প্রতি রাউন্ডের ৫ ম্যাচের সেরা খেলোয়াড়ের মধ্য থেকে একজন সেরা খেলোয়াড় নির্ধারণে ভোট দেবেন দর্শক। পেশাদার লিগের ওয়েব সাইটে ভোটের ব্যবস্থা করা থাকবে। ইউরোপের দেখাদেখি কিছু নতুন কিছু করার চেষ্টা। যেসব নতুনত্ব আনা হয়েছে সেসব কিছু দেশের ফুটবলের কোনো পরিবর্তন আনতে পারবে না। দশ দল নিয়ে আয়োজন করতে যাওয়া ক্লাবগুলোতে আজও পেশাদারি প্রথা চলু হয়নি। এক দুইটা ক্লাবের দুই একটা নিয়মে পেশাদারিত্ব অনুসরণ করা হলেও বাকি কাজে ছিটেফোঁটাও নেই।

বসুন্ধরা কিংস ছাড়া আর কোনো নিজের ভেন্যু নেই। আবাহনীর মাঠ থাকলেও আজও তারা ভেন্যু করতে পারেনি সেখানে। মোহামেডানের তো অনুশীলনের মাঠই নেই। ফর্টিসের মাঠ থাকলেও তারা সেখানে ভেন্যু করেনি, ব্রাদার্সের নিজের কোনো মাঠ নেই। মাঠ করার কোনো উদ্যোগও নেই। চট্টগ্রাম আবাহনী নামকাওয়াস্তে চট্টগ্রাম। তারা বছর জুড়ে ঢাকায় অবস্থান করে। ফ্ল্যাট বাসায় ক্লাবের আবাসন। এভাবেই ক্লাবগুলো লিগের খেলায় অংশগ্রহণ করছে। দেশের ফুটবলের হৃদপিণ্ড পেশাদার লিগ।

আজ প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা 

মোহামেডান-ফর্টিস এফসি। ২টা ৩০, রাজশাহী।

আবাহনী-রহমতগঞ্জ। ২টা ৩০, গোপালগঞ্জ। পুলিশ-চট্টগ্রাম আবাহনী। ২টা ৩০, ময়মনসিংহ।

বসুন্ধরা কিংস-ব্রাদার্স, ৪টা ৩০ ঢাকায় কিংস অ্যারেনা।

ইত্তেফাক/জেডএইচ