আচরণবিধি ভঙ্গের দায়ে ঢাকা-১৯ আসনের (সাভার-আশুলিয়া) স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। গতকাল বৃহস্পতিবার এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেনের সই করা নোটিশে তাকে শোকজ করা হয়। এতে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার সাভার পৌরসভার শিমুলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে যান ও জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে সভা করেন স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং। ট্রাক ও মোটরসাইকেল ব্যবহার করেও শোডাউন করেছেন তিনি। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।
তাই বিধিমালা লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না এবং শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না সে বিষয়ে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
