সাতকানিয়ায় হামলায় এমপির শ্যালকসহ আহত ২৫ 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:৫০

চট্টগ্রামের সাতকানিয়ায় ড. আবু রেজা নদভীর স্ত্রীর প্রচার বহরে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপির শ্যালক ও চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার চরতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাটাখালী ব্রিজের পশ্চিম পাশের এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন, এমপির শ্যালক ও চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান (৩০), পৌর আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল (৫৫) প্রমুখ। 

এদের মধ্যে গুরুতর আহত রুহুল্লাহ, মন্নানসহ তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ভাঙচুর করা সিএনজি অটোরিকশা। ছবি : ইত্তেফাক

খবর পেয়ে রাতেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এমপির স্ত্রী রিজিয়া রেজা বলেন, ‘নৌকা প্রতীকের প্রচারণার অংশ হিসেবে চরতী ইউনিয়নে প্রচার চালানোর শেষ মুহূর্তে কাটাখালী ব্রীজ এলাকায় পৌঁছালে ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েকজন আমাদের উপর হামলা চালায়। এতে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’  

নৌকার প্রার্থী ড. আবু রেজা নদভী বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আমি প্রশাসনকে তালিকা দিয়েছি। এখনও পর্যন্ত অভিযান চালানো হয়নি, যার কারণে এই ঘটনা ঘটেছে।’ 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, ‌‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।’ 

ইত্তেফাক/ডিডি