ঈমান, দেশপ্রেম ও নিজেদের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভোট দিতে হবে: তাসমিমা হোসেন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৪

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনগণের সরকারকে ক্ষমতায় বহাল রাখতে পিরোজপুর-২ আসনে এই অঞ্চলের মানুষের পরীক্ষিত নেতা আনোয়ার হোসেন মঞ্জুকে আবারও সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। এ উদ্দেশ্যে এবার নৌকা মার্কায় ভোট দিয়ে অতীতের মতো মানুষের কল্যাণ, উন্নয়ন তথা দেশের গণতন্ত্র বজায় রাখতে হবে। মানুষকে ঈমান, দেশপ্রেম ও নিজেদের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষাকে মনে ধারণ করে এই ভোট প্রয়োগ করতে হবে। 

পিরোজপুর-২ আসনে ১৪দল ভূক্ত জাতীয় পার্টি-জেপি’র সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জর প্রতীক নৌকা মার্কার পক্ষে ভান্ডারিয়ার গৌরীপুর গ্রামে নারীদের এক উঠান বৈঠকে তিনি এসব বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় যে দক্ষতা-যোগ্যতা ও গতিশীলতার পরিচয় দিয়েছেন তার জন্য আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হচ্ছেন ১৪দলীয় ঐক্যজোট ভূক্ত জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাসভাজন এবং দীর্ঘকাল ধরে পারিবারিকভাবে ঘনিষ্ঠ। ৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে আনোয়ার হোসেন যে অবদান রাখেন তারই কারণে আওয়ামী লীগ ২১ বছর পর সরকারে আসতে সমর্থ হয়। এই প্রজ্ঞাবান, নির্ভীক, সৎ, সাহসী, জনবান্ধব ও কর্মঠ নেতাকে শেখ হাসিনা যোগাযোগ মন্ত্রী করেছিলেন। 

তাসমিমা হোসেন আরও বলেন, আনোয়ার হোসেন মঞ্জুর মতো অভিজ্ঞ ব্যক্তিত্বকে শেখ হাসিনার আগামীতে সরকার গঠনে সাথে রাখতে চান বলেই তাকে সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী করেছেন। কারণ ১৯৯৬ ও ২০১৪ সালে শেখ হাসিনা আনোয়ার হোসেন মঞ্জুকে মন্ত্রী করেছিলেন। এই ১০ বছর এবং পূর্বে এরশাদ সরকারের আট বছরের দীর্ঘ মন্ত্রীত্বকালে আনোয়ার হোসেন মঞ্জু দেশের বিদ্যুৎ উন্নয়ন, সড়ক যোগাযোগ, বন ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙ্গনরোধ ও উপকূলে বেড়িবাঁধ নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন। যার প্রতিফলন আজকের উন্নয়নশীল বাংলাদেশে প্রতিভাত। বিশেষত: সড়ক যোগাযোগ ক্ষেত্রে রাস্তা-ঘাট-সেতু-কালভার্ট নেটওয়ার্ক গঠনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের মানুষ আনোয়ার হোসেন মঞ্জুর নাম জানে। তার অভিজ্ঞতাকে আবারও কাজে লাগাতে প্রধানমন্ত্রী নৌকা মার্কার প্রার্থী করেছেন। 

জাতীয় পার্টি-জেপি’র সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর প্রতীক নৌকা মার্কার পক্ষে ভান্ডারিয়ার গৌরীপুর গ্রামে এক উঠান বৈঠকে নারীরা। ছবি: ইত্তেফাক

দৈনিক ইত্তেফাকের সম্পাদক বলেন, আজকের ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক বিকাশে আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘ ৪০ বছরের কর্মকাণ্ডকে পিরোজপুর-২ আসনের ভোটাররা বিবেচনা করে পুনরায় সংসদে পাঠাবেন এবং শেখ হাসিনার  স্মার্ট বাংলাদেশ গঠনে তার প্রজ্ঞাকে-অভিজ্ঞতার মূল্যায়ন করবেন।

বঙ্গবন্ধুর নির্দেশে তরুণকাল থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন দেশ গঠনসহ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকায় ভোট দিতে তাসমিমা হোসেন ভোটারদের প্রতি আহ্বান জানান। ভান্ডারিয়াসহ এই অঞ্চলের উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, নারীদের নিরাপদ জীবনযাপন, তরুণদের মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখা, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার মত পরিবেশ নিশ্চিত করতে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় সংসদ তথা সরকারে পাঠানোর জন্য তাসমিমা হোসেন তার আহবানের পুনরাবৃত্তি করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য নারী নেত্রী মাহিনুর রুবীর সভাপতিত্বে এ বৈঠকে আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় মাহিলা পার্টির (জেপি) সভানেত্রী আসমা আখতার, নারী নেত্রী প্রভাষক রেশমা আক্তার, উপজেলা জেপি নেতা জামাল উদ্দিন লিটন, জেপি নেতা হাবিবুর রহমান, নারী নেত্রী সালমা আক্তার, নারী নেত্রী রেশমা বেগম, সাবেক ইউপি সদস্য অনামিকা চক্রবর্তী, নাসিম আক্তার, ঝুমর কাজী, শিরীণ খান প্রমখ। বৈঠকে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাওলাদার, ইউপি সদস্য জিয়াউল হক মিয়া, ফোরকান আকন, আহাদ মিয়া প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি