নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় হামলাকারীরা এক পক্ষের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। সশস্ত্র মহড়া, ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে আট জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজার এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন পৌর এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির সঙ্গে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। প্রায় সময়ই তাদের দুই গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় দুই গ্রুপই মাঠে রয়েছে।
গত বৃহস্পতিবার রাতে লিটুর লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে গোলাম রসুল কলির ছোট ভাই নূর হোসেনের মালিকানাধীন কাঞ্চন বাজারে অবস্থিত মুসলিম সুইটস অ্যান্ড হোটেল নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় পুরো বাজার এলাকায় ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গোলাম রসুল কলির লোকজন এসে প্রতিবাদ করলে উভয় পক্ষ ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে ।
