‘রাঢ়াঙ নাটকের নির্দেশনায় রয়েছেন মামুনুর রশীদ। গুণী এই মানুষটি আমার নাট্যগুরু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি যখন ডাকেন আমাকে আসতেই হয়। রাঢ়াঙ আমার ভীষণ প্রিয় একটি নাটক। অসংখ্যবার নাটকটির শো করেছি। অনেক বছর আগে কলকাতায়ও এ নাটকের শো করেছি। এবারও সেখানে তিনটি শো করবো। আশা করছি, বরাবরের মতোই দর্শকরা নাটকটি দেখার পর সুন্দর কিছু মুহূর্ত নিয়ে বাড়ি ফিরবেন।’—আবারও কলকাতায় রাঢ়াঙ নাটকের প্রদর্শনী প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
প্রায় ১০ বছর পর গতকাল কলকাতার মঞ্চে অভিনয় করেন চঞ্চল। সেখানে আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’ নাটকের তিনটি শোতে অভিনয় করবেন তিনি। উল্লেখ্য, মঞ্চ দিয়েই অভিনয়ে হাতেখড়ি তার। চারুকলায় পড়ার সময় আরণ্যক নাট্যদলে যোগ দেন তিনি। পরে টেলিভিশনে একের পর এক চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
শুধু তাই নয়, দেশ পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন ওপার বাংলায়ও। কাজের স্বীকৃতিস্বরূপ নিজের অর্জনের ঝুলিতে এরইমধ্যে জমা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ বিদেশের নানা পুরস্কার ও সম্মাননা। যদিও মঞ্চ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেতা দীর্ঘদিন ধরেই এই মাধ্যমটি থেকে দূরে সরে আছেন। তবে এবার সেই বিরতি ভাঙলেন তিনি।
এদিকে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন চঞ্চল। নিয়মিতই কাজ করছেন সেখানের ওয়েব সিরিজ-সিনেমায়। দেশের কাজ এবং শিল্পীদের ওপার বাংলায় জনপ্রিয়তা থাকা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘ওটিটি ও ইউটিউবের কারণে আমাদের অনেক কাজ ওপার বাংলার দর্শক দেখেন। তাদের কাছে আমাদের আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের সঙ্গে এবার মঞ্চনাটক নিয়ে দেখা হচ্ছে।’
নাটকটিতে চঞ্চল ছাড়াও আরও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা আখম হাসান ও শামীম জামান। টিভি নাটক নিয়ে ব্যস্ত সময় পার করা এই অভিনেতারাও দীর্ঘদিন পর মঞ্চের দর্শকদের সামনে হাজির হয়েছেন।
