আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক দল বাংলাদেশ তরীকত ফেডারেশন। গত দুটি জাতীয় নির্বাচনে তরীকতের সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী সমঝোতা ছিল। তবে আসন্ন সমঝোতায় এবার কোনো আসন পায়নি দলটি। আসন না পেয়ে নির্বাচনে এককভাবে লড়ছে তরীকত ফেডারেশন। ‘ফুলের মালা’ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে দলটি।
ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। দলটির মনোনীত প্রার্থীরা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে নিজ দলের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। তরীকত দাবি করছে, প্রচার-প্রচারণায় অন্যদের তুলনায় এগিয়ে আছে কারণ ভোট চাইতে তারা ভোটারদের দুয়ারে-দুয়ারে যাচ্ছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশন। তারা দাবি করছে এবারের নির্বাচনে অন্তত ৪০টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রার্থীরা ।
বর্তমান জাতীয় সংসদে দলটির একজন সংসদ সদস্য রয়েছেন। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-২ আসনের (ফটিকছড়ি) সংসদ সদস্য। তিনি এই আসন থেকে দশম জাতীয় সংসদেরও সদস্য ছিলেন। আগামী নির্বাচনেও একই আসনে প্রার্থী হয়েছেন তিনি।
তবে এবার ফটিকছড়ি আসনে আওয়ামী লীগও প্রার্থী দিয়েছে। দল থেকে মনোনয়ন পেয়েছেন খাদিজাতুল আনোয়ার। তিনি বর্তমান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।
সিঙ্গাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া, ভাড়ারিয়া ও পুটাইল ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকা আসন খ্যাত ১৬৯, মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগেরই দলীয় বিদ্রোহী ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট প্রার্থী ১০ জন।
আওয়ামী লীগের দলীয় ও দলীয় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকিরা হলেন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এ. কে. নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এ. কে. এম. ইকবাল হোসেন।
বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘আমি ও আমার প্রতিনিধিরা জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রচার প্রচারণায় করছি এবং জনগণ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী মানিকগঞ্জ-২ আসনের জনগণ ফুলের মালায় ভোট দিয়ে আমাকে জয়ী করবে।’
বাংলার প্রাচীন রাজধানী হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বর্তমান প্রার্থীরা হলেন—আব্দুল্লাহ আল কায়সার হাসনাত (আওয়ামী লীগ), সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), নারায়ণ দাস (বিকল্প ধারা বাংলাদেশ), মো. মজিবুর রহমান (বাংলাদেশ তরীকত ফেডারেশন), আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএস ওয়ালিউর রহমান খান (বিএনএম), এ এইচ এম মাসুদ (স্বতন্ত্র) ও মো. আরিফ (মুক্তি জোট)।
বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. মজিবুর রহমান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘আমি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রচার প্রচারণায় করছি এর ফলে জনগণ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জয়ী হবো।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের একটি আসন গাজীপুর-১ আসন। আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে এই আসনে লড়বেন বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি ছাড়া এই আসনে বিভিন্ন দলের ৬ জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন। তাদেরই একজন বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. শফিকুল ইসলাম নবীন রহমান লড়বেন ফুলের মালা প্রতীকে।
মো. শফিকুল ইসলাম নবীন রহমান ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘আমি প্রতীক পাওয়ার পর থেকেই আমার আসনে নির্বাচনের প্রচারণার কাজ পুরোদমে শুরু করেছি। আমি জনগণ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব।’
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ৮ জন প্রার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাজ্জাদ রশিদকে লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মো. আব্দুল কাদির তালুকদারকে সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আব্দুল গনিকে আম, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীকে ফুলের মালা এবং বাংলাদেশ জাতীয়তাবাদ আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহানকে নোঙ্গর, স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়াকে ঈগল এবং আরেক স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ ট্রাক প্রতীক পেয়েছেন। এই আসনে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশনের প্রার্থী। বাকী বিল্লাহ মিশকাত চাঁদপুরীর বিখ্যাত ছদরা দরবারের প্রতিনিধি। এটি সেই দরবার যেখানে ঈদের নামাজ আদায় হয় সৌদি-আরবের অনুসারে।
বাংলাদেশ তরীকত ফেডারেশনের প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘আমি আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি। আজ আমার আসনের ৭টি গ্রামে ব্যাপক প্রচারণা করে জনগণ থেকে অনেক সাড়া পেয়েছি। আমি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিখ্যাত ছদরা দরবার শরীফের একজন আওলাদ। এই আসনের ২৫টি গ্রাম বিখ্যাত ছদরা দরবার শরীফে ভোট ব্যাংক তাই জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী।’
উল্লেখ, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যায় ৩০ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের পর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৪ দিন সময় দেওয়া হয় এবং প্রচারের জন্য ১৯ দিন সময় দেওয়া হয়। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। অর্থাৎ, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
