গাংনীতে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ ৭ যাত্রী আহত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯

মেহেরপুরের গাংনীতে শ্যামলী নামে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে গেছে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এতে বাসের চালকসহ সাতজন যাত্রী আহত হয়েছেন। বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম।

প্রাথমিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আজ রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ছাতিয়ান-কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে নিহতের খবর আসেনি।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার শ্যামলী বাস মেহেরপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ছাতিয়ান-কামারবাড়ি এলাকায় রাস্তার পাশের খাদে উল্টে যায়। ঘটনাস্থলে থাকা পথচারীরা আহতদের উদ্ধার করে ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলেও ধারণা করেছেন তারা।

ইত্তেফাক/এইচএ