মুক্তি পাচ্ছেন পাকিস্তানের নারী বিক্ষোভকারীরা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পুরুষরা গুমের শিকার হচ্ছেন। এর প্রতিবাদে বেলুচ নারীদের নেতৃত্বে শুরু হওয়া লংমার্চ রাজধানী ইসলামাবাদে পৌঁছলে পুলিশ তা ছত্রভঙ্গ করতে জল কামান এবং টিয়ার গ্যাস ছুড়ে। পাশাপাশি বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাহরাং বালোচসহ অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার জামিনের পর তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।

বেলুচ বিক্ষোভকারীরা ইসলামাবাদ কর্তৃপক্ষকে ছাত্রদের মুক্তি চেয়ে ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে সকল মামলা খারিজ করার দাবিতে তিন দিনের আলটিমেটাম দেওয়ার পরে তাদের মুক্তি দেওয়া হয়।

বুধবার রাতে ইসলামাবাদ পুলিশ ‘অতিরিক্ত শক্তি’ ব্যবহার করে সমস্ত বেলুচ বিক্ষোভকারীদের ঘিরে ফেলে। বেলুচ নারীদের নেতৃত্বে লংমার্চ গত ৬ ডিসেম্বর বেলুচিস্তান থেকে যাত্রা শুরু করেছিল।

বেলুচ নারী ও পুরুষদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক দলগুলো থেকে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। এমনকি ফেডারেল মন্ত্রীরা স্বীকার করেছেন, ‘বেলুচিস্তান থেকে ইসলামাবাদে আসা বিক্ষোভকারীরা সহিংসতার সঙ্গে জড়িত ছিল না।’

বেলুচ বিক্ষোভকারীদের ‘অবৈধ’ গ্রেপ্তারের বিরুদ্ধে লং মার্চ আয়োজকদের দায়ের করা একটি আবেদনের শুনানি করে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, যারা প্রতিবাদ করতে এসেছে তাদের প্রতিবাদ করতে দিন, এটি তাদের সাংবিধানিক অধিকার।

এর আগে ইসলামাবাদ পুলিশ বলেছিল, আদালত ১৬৩ জন বিক্ষোভকারীকে জামিন অনুমোদনের পরে মুক্তি দেওয়ার আদেশ জারি করেছে। বেলুচ ইয়াকজাহতি কমিটি বলেছে, ইসলামাবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ অবস্থান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসএটি