চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে অপরহণচেষ্টা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:০৯

চুয়াডাঙ্গার সদর উপজেলার ভাণ্ডারদহ এলাকায় চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার মাথায় পিস্তল ঠেকিয়ে অপরহণচেষ্টা, মারধর ও নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। 

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
 
সোলায়মান হক জোয়ার্দ্দার পাল্টা অভিযোগ করেন, একজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী উক্ত এলাকায় নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বিধিভঙ্গ করে অপপ্রচার, কুৎসা রটনা ও নৌকার প্রার্থীর নামে গালাগালি করে উত্তেজনা ছড়াচ্ছিলেন। তার সঙ্গে সরোজগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশিদ যোগ দিয়ে স্থানীয় জামাত বিএনপির কিছু লোকজনের সাথে যুক্ত হয়ে নির্বাচনকে ভণ্ডুল করার গোপন নকশা করছিলেন। 

২৩ ডিসেম্বর রাতে ভাণ্ডারদহ এলাকায় নৌকার মিছিল বের হলে স্বতন্ত্র প্রার্থী গাড়িবহর নিয়ে সেখানে পৌঁছায় এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী আবু তাহের বিশ্বাস হ্যান্ড মাইকে মিছিলের পেছনে গালাগালি করে মিছিলকারীদের রাস্তা ছেড়ে দিতে বলেন। আবু তাহেরের নেতৃত্বে নৌকার কর্মীদের উপর হামলা চালানো হয়। একপর্যায়ে এসআই হারুন এসে নৌকা প্রতীকের লোকজনকে মারধর করে। 

অথচ মিথ্যা মামলা দিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আহাম্মেদ হাসানুজ্জামান মানিকসহ পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। আমরা এ ঘটনার নিন্দা এবং আবু তাহের বিশ্বাসকে গ্রেপ্তার ও এসআই হারুন অর রশিদকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে তার সঙ্গে প্রধান নির্বাচন সমন্বয়কারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মহা. শামসুজ্জোহা এবং জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুল হক উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/পিও