দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী।
এছাড়া প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধি ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. নাজমুল ইসলাম, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আল মামুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশসহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময়ে অংশ নেয়।
সভাপতির বক্তব্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, মাদারীপুরে ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। কোন ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোর হস্তে দমন করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিন পুরো মাদারীপুর নিরাপত্তার চাদরের মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে।
