শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিদ্দিককে জাতীয় পার্টি থেকে বহিষ্কার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:০৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারী জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সিদ্দিকুল আলম সিদ্দিককে পার্টির সব পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

বহিষ্কৃত জাপা নেতা ও শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে। 

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠানে তার বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ায় প্রার্থীতা ফিরে পান তিনি। 

এ ছাড়া গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে এক শতাংশ ভোটারের সমর্থনসুচক স্বাক্ষরে জটিলতা থাকায় নীলফামারী জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক।

ইত্তেফাক/পিও