কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক পথসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাকে ভোট দিতে হবে নইলে সোজা করে দেব’।
সোমবার (২৫ ডিসেম্বর) দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়ার বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।
ভিডিওতে সরওয়ার জাহান বাদশাকে বলতে শোনা যায়, ‘আমি কে তা আপনারা জানেন, আমাকে আপনারা চেনেন এবং জানেন, আমি বেশি কথা বলব না। এখানে যারা আছেন ভোট আমাকে দিতে হবে। পরিষ্কার কথা। নৌকা মার্কায় আমাকে ভোট দিতে হবে। এই অধিকার আমার আছে। সুতরাং যার মনে যাই থাকুক না কেন? নাচানাচি, কুদাকুদি করেন না কেন? স্থির করেন, নৌকা মার্কায় বাদশাহকে ভোট দিতে হবে। উল্টাপাল্টা দুই একজন বকবে, সোজা করে দিব কিন্তু। আজকের পরে যদি উল্টা পাল্টা কথা আর শুনি সোজা করে দিব এইটা মনে রাইখেন।’
তার দেওয়া এ বক্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। এই বক্তব্য দেওয়ার পর এলাকায় ভোটাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর চাপে সরওয়ার জাহান বাদশা এক রকম দিশেহারা হয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছেন।
