৭ জানুয়ারি একটা সিল মারা একটা দেশদ্রোহী হত্যার সমান: সেলিম ওসমান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৪

আগামী ৭ জানুয়ারি একটা ভোট দেওয়া মানে একজন দেশদ্রোহীকে হত্যার সমান বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমান। তিনি বলেন, এই নির্বাচন আমার জন্য না, এটা ভবিষ্যৎ প্রজন্মের। আপনারা যদি একটি ভোট দেন মনে করবেন একটি সিল দিলেন, একটা দেশদ্রোহীকে হত্যা করলেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে বন্দরের সমরক্ষেত্রে আয়োজিত নির্বাচনী সমাবেশ তিনি এ কথা বলেন।

সেলিম ওসমান বলেন, দেশকে আমাদের আরও উন্নত করতে হবে। সামনে আমাদের স্মার্ট বাংলাদেশে রূপ নেবে। এর জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। 

তিনি বলেন, বন্দর উপজেলার চেয়ারম্যান মুকুল সাহেব এখানে আজ আসতে চেয়েছিলেন। আমি বলেছি, না তোমার আসার দরকার নাই। তুমি পেছনে থেকেই কাজ করো। তিনি বললেন- না আমি আসবই। আমি বলেছি ৭ তারিখের পর এসে গরু জবাই করে আনন্দ হবে। কিন্তু ভোট দেব না, অংশ নেব না এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্য দায়িত্ব নিতে হবে। 

লাঙ্গল প্রতীকের এ প্রার্থী বলেন, বিএনপির প্রতিনিধি হিসেবে আজ এখানে ৩ জন এসেছেন। ২২ নম্বর ওয়ার্ড থেকে সুলতান আহমদ, ২১ নম্বর ওয়ার্ড থেকে হান্নান, ২১ নম্বর ওয়ার্ড থেকে গোলাম রাব্বানী। আমরা জাতীয় পার্টি, আওয়ামী লীগ চিনি না। আমরা একসঙ্গে বন্দরবাসীর জন্য কাজ করবো।

নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল), জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এমএ রাসেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানসহ আওয়ামী লীগের ও জাতীয় পার্টির অন্যান্য নেতা-কর্মীরা।

ইত্তেফাক/এবি