সাকিব আল হাসানের নিজ এলাকা মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে নানা আয়োজনে বরণ করে নিলো গ্রামবাসী। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে তিনি শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় এক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় একই মঞ্চে সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ নেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এই ইউনিয়নের আমতৈল নহাটা গ্রামে সাকিবের পৈতৃক ভিটা।
সাকিব গ্রামে আসছেন এ খবরে সব্দালপুরে দুপুর থেকেই রাস্তার দুধারে নারী-পুরুষেরা দাঁড়িয়ে ছিল। পরে বিকালে সাকিব সেখানে পৌঁছলে গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ ছাড়া বাদ্য যন্ত্র বাজিয়ে তাকে বরণ করে।
পরে নির্বাচনী সমাবেশে সাকিব আল হাসান বলেন, এটি আমার নিজের এলাকা। আমি কি আপনাদের শতভাগ সমর্থন আশা করতে পারি না? সমবেত জনতা তাকে হাত নেড়ে সমর্থন জানান। তিনি সবাইকে ৭ জানুযারি ২০২৪ ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
সাইফুজ্জামান শিখর বলেন, মাগুরার অনেক উন্নয়ন হয়েছে গত ৫ বছরে। অনেক কিছু এখনো উন্নয়নের চলমান ধারায় অছে। এই ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী অবশ্যই করতে হবে। আপনাদের মনে রাখতে হবে সাকিব আল হাসান জননেত্রী শেখ হাসিনার মনোননিত প্রার্থী। সব ভেদাভেদ ভুলে আমাদের একত্রে কাজ করতে হবে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সাইফুজ্জামান শিখর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এএফএম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিতসহ অনেকে।
