দেশে এইডসে এ বছর রেকর্ড ২৬৬ জনের মৃত্যু 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০০

দেশে এইডসে গত এক বছরে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে কোনো বছর এত মানুষের মৃত্যু হয়নি। অন্যদিকে এ বছর নতুন করে এইডস রোগী পাওয়া গেছে ১ হাজার ২৭৬ জন। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে এইডস দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৯৮৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সবমিলিয়ে এইডস রোগে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৮৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৬ জনের। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয় ২০২২ সালে, সেই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ৯৪৭ জন ও মৃত্যু হয়েছিল ২৩২ জনের। 

এর আগে, ২০২১ সালে দেশে এইডস শনাক্ত হয়েছিল ৭২৯ জনের, তাদের মধ্যে মৃত্যু হয়েছিলে ২০৫ জনের। 

এইডস দিবসের আলোচনা সভায় অতিথিরা। ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, ‌‘এইডস আক্রান্তদের রোগ নির্ণয় ও চিকিৎসার আওতায় নিয়ে আসা আমাদের প্রথম চ্যালেঞ্জ। সরকার বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করেছে। সরকার ডেভেলপমেন্ট পার্টনার ও এনজিওগুলো এইডস নির্মূলে কাজ করে যাচ্ছে। তাও এই রোগ এখনো নিয়ন্ত্রণে আসেনি।’

ইত্তেফাক/ডিডি

এ সম্পর্কিত আরও পড়ুন