প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এবার ফেডারেশন কাপ ফুটবলেও প্রথম ম্যাচে জয় পেয়েছে কিংস। গতকাল ফেডারেশন কাপ ফুটবল শুরু হয়েছে। গোপালগঞ্জের মাঠে কিংস ১-০ গোলে ফর্টিসকে হারায়। একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন। এই মাঠেই গত ১৮ ডিসেম্বর স্বাধীনতা কাপ ফুটবল ফাইনালে মোহামেডানকে হারিয়ে শিরোপা জয় করেছিল কিংস। গতকাল আবার সেই মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আরেকটি জয় তুলে নেয় কিংস।
ফেডকাপের আরেকটি খেলা হয়েছে মুন্সীগঞ্জে। সেখানে পুলিশ রহমতগঞ্জের বিপক্ষে দুই বার এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। রহমতগঞ্জের ঘানাইয়ান দুই ফুটবলার হার বাঁচিয়েছেন। দুই বারই গোল করে খেলায় ফিরিয়ে এনেছেন রহমতগঞ্জকে। ১৯ মিনিটে পুলিশের শাহেদ মিয়ার গোলে এগিয়ে ছিল পুলিশ। সেই গোল শোধ করেন রহমতগঞ্জের ঘানাইয়ান স্যামুয়েল।
পুলিশের কলম্বিয়ান ফুটবলার এদিস গ্রাসিয়া পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন ৬৪ মিনিটে। সেটিও ধরে রাখতে পারেনি পুলিশ। ৭৭ মিনিটে রহমতগঞ্জ পেনাল্টি পায়, এবার ঘানার আরেক ফুটবলার আর্নেস্ট বোটেং গোল করেন, সমতা আনেন।
প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে পুলিশ ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শুভ সূচনা করে। ফেডকাপের খেলা আবার ১৬ জানুয়ারি। আগামী শুক্রবার প্রিমিয়ার লিগের খেলায় মুন্সীগঞ্জে ব্রাদার্স-রহমতগঞ্জ এবং ময়মনসিংহে মোহামেডান-শেখ রাসেল ম্যাচ।
