পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আবেদনের জরুরি শুনানি বাতিল করেছে। খবর জিও নিউজের।
অন্যান্য পিটিশনের মধ্যে তোশাখানা মামলায় ইমরানের দোষী হওয়ার বিষয়টি স্থগিত করার জন্য আবেদন করেছিল পিটিআই। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনে পিটিআইয়ের অংশ নেওয়ার জন্য এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আবেদনের বিষয়ে বিচারপতি আতহার মিনাল্লাহ বলেছেন, তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে বিচারিক আদালতের রায় স্থগিত করা হলেই তার অযোগ্যতার সমাপ্তি ঘটবে না।
মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পিটিআই প্রধানকে যেকোনো সরকারি পদে থাকার ক্ষেত্রে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
শীতকালীন ছুটি চলায় উচ্চ আদালতে মাত্র দুইজন বিচারক থাকায় সুপ্রিম কোর্ট আবেদনের শুনানি করতে অসম্মতি জানিয়েছিল। এর আগে ২১ ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ উল্লিখিত মামলায় ট্রায়াল কোর্টের রায় স্থগিত করার জন্য ইমরান খানের অনুরোধ প্রত্যাখ্যান করে।
ইমরান খানের আইনজীবী শাহবাজ খোসাকে উদ্দেশ্য করে বিচারপতি মিনাল্লাহ বলেন, বেঞ্চের সামনে বিষয়টি ছিল যে মামলায় সাজা স্থগিত হওয়ার পর দোষী সাব্যস্ত হওয়া উচিত। দেশের ইতিহাসে এমন কোন বিচারিক নজির নেই যে সাজা স্থগিত করার ফলে দোষী সাব্যস্ত হওয়া খারিজ হয়েছে।
