চকরিয়ায় লেগুনাকে পিকনিক বাসের ধাক্কা, নিহত ৪

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৯

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-উত্তর হারবাং এলাকায় লেগুনাকে ধাক্কা দিয়েছে উল্টো দিক থেকে আসা পিকনিকের বাস। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ও এসআই খোকন কান্তি রুদ্র। এতে ৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর এসেছে।

সূত্র জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনা কবলিত বাসটি ঘিরে উৎসুক লোকের ভিড়। ছবি: ইত্তেফাক

এরই মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- চকরিয়া-হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

তবে আহতদের পরিচয় উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়ায় দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বামদিকে ক্ষতিসাধিত লেগুনা। ছবি: ফোকাস বাংলা

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এবং দুর্ঘটনার বর্ণনা দিয়ে এসআই খোকন রোদ্র বলেন, ‘কক্সবাজারে আনন্দ ভ্রমণে (পিকনিকে) আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামগামী লেগুনা (চট্ট-মেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষ দেখা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ৪ যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার এবং গাড়ি দুটি জব্দ করেছে।’

ক্ষতিসাধিত পিকনিকের বাস। ছবি: ফোকাস বাংলা

আহতদের হাসপাতালে পাঠানোর খবর নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূঁইয়া বলেন, ‘সকালে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস মহাসড়কের চকরিয়া-উত্তর হারবাং এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লেগুনার ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে লেগুনার ৪ যাত্রী নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/এইচএ