রেললাইনে উল্টে গেল লরি, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:১২

কুমিল্লার বিজয়পুরে একটি রেললাইনে লরি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে রেললাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ডাউন লাইনে অন্তত দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনের ওপর থেকে লরিটি সরাতে আরও দেড় ঘণ্টা সময় লাগবে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেললাইনটি বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে লাইনটি সেটি ডাউনলাইনে ব্যবহার করে রেল চলাচল দ্রুত স্বাভাবিক করা হচ্ছে।

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান, আপাতত কোনো নিহতের খবর আসেনি। তবে লরি ও অটোরিকশা দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইত্তেফাক/এইচএ