'আমাকে ভোট দিতে হবে‘ নইলে সোজা করে দিব'- মন্তব্য করা কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
গতকাল বুধবার এক চিঠিতে আগামীকাল শুক্রবার সকালে তাকে কুষ্টিয়া-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক আসাফ-উদ-দৌলার আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারের সময় উপজেলার মরিচা ইউনিয়নের বালির দিয়াড় বাজারে পথ সভায় বক্তব্য দেন সরওয়ার জাহান বাদশা। এ সময় তিনি বলেন, এখানে যারা আছেন ভোট আমাকে দিতে হবে। পরিষ্কার কথা। নৌকা মার্কায় আমাকে ভোট দিতে হবে। এ অধিকার আমার আছে। যার মনে যাই থাকুক না কেন, যতই নাচানাচি, কুদাকুদি করেন না কেন, স্থির করেন, নৌকা মার্কায় বাদশাহকে ভোট দিতে হবে। উল্টাপাল্টা দুই-একজন বকবে, সোজা করে দিব কিন্তু। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি, সোজা করে দিব এটা মনে রাইখেন।
