‘স্বস্তির খবর’ পেলেন কাতারে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক ৮ ভারতীয় নৌ কর্মকর্তা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৭

অবশেষে স্বস্তির খবর পেলেন কাতারে মৃত্যুদণ্ড পাওয়া ভারতের সাবেক আট নৌ কর্মকর্তা। তাদের মৃত্যুদণ্ডের সাজা রদ করা হয়েছে। গত অক্টোবরে দেশটিতে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। খবর এনডিটিভির।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানিয়েছিল ভারত। চলতি মাসে কাতারের সংশ্লিষ্ট আদালত ভারতের আবেদন গ্রহণ করেছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন মেনে কাতারের আদালত মৃত্যুদণ্ডের সাজা মওকুফ করেছে। মৃত্যুদণ্ড সাজা রদ করা হলেও তাদের শাস্তি পেতে হবে। তবে বিনিময়ে তারা কি শাস্তি পাবেন এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আমরা এ বিষয়ে কাতারের আদালতে পূর্ণাঙ্গ রায়ের প্রতীক্ষা করছি।

ভারত সরকার জানিয়েছে, তারা শুরু থেকেই দণ্ডপ্রাপ্তদের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি সব ধরনের কনস্যুলার ও আইনি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

কাতারে মৃত্যুদণ্ডের সাজামুক্ত প্রাক্তন নৌসেনা কর্তারা হলেন, ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা ও নাবিক রাজেশ। কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তারা।

গত বছর অগস্ট মাসে এই আট জন অফিসারকে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তারা। ঠিক কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, প্রথমে তা দোহার ভারতীয় দূতাবাসকেও জানানো হয়নি বলে অভিযোগ। এর পর চলতি বছরের এপ্রিলে আদালতে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর জানা যায়, তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

ইত্তেফাক/এসএটি