জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, প্রধানমনন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে একবার প্রধানমন্ত্রী হয়েছেন। ৭ জানুয়ারির পর ইনশাল্লাহ ৫ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তার পরিবারকে শেষ করতে চেয়েছিল। এখন তারই মেয়ে পৃথিবীর মধ্যে রেকর্ড করবেন ৫ বারের প্রধানমন্ত্রী হয়ে। এটা একটা বিশ্ব রেকর্ড হবে। ধারাবাহিকভাবে টানা ৪ বারের প্রধানমন্ত্রী হওয়া পৃথিবীর অনেক দেশে নাই। এটাও একটা রেকর্ড হবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মাদারীপুর-১(শিবচর) আসনে নির্বাচনী জনসভায় ভান্ডারীকান্দিতে চিফ হুইপ এ কথা বলেন।
এদিন তিনি ভদ্রাসন ইউনিয়নের আব্দুর রউফ শিকদারের বাড়ি, মো. মুকুল বেপারীর বাড়ি, মাস্টার মো. লুৎফর রহমানের বাড়ি গণসংযোগ ও ভদ্রাসন বাজার মাঠে জনসভা করেন। আর ভাণ্ডারীকান্দি ইউনিয়নের ভাণ্ডারীকান্দি এএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা ও মরহুম মো. চুন্নু ঢালীর বাড়ি, টেংরামারী বাজার, মরহুম আমির হোসেনের বাড়ি, দক্ষিণ ক্রোকচর বাজার গণসংযোগ করেন।
জনসংযোগ পথসভা ও জনসভায় অংশ নিয়ে ভোটারদের প্রতি ভোট প্রার্থনা করেন চিফ হুইপ। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা।
চিফ হুইপ আরও বলেন, ইচ্ছা করলেই আপনি কারও পরিবারকে শেষ করতে পারেন না। গুলি করে খুন করেই একটা পরিবার শেষ হতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা করতে পারছেন, তার পরিবারকে হত্যা করেছেন। কিন্তু তার আদর্শকে কেউ এ দেশ থেকে হত্যা করতে পারেননি। যার কারণে আওয়ামী লীগ এখনো অনেক শক্তিশালী। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতো, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে। এ দেশের উন্নয়নের জন্য স্বপ্ন দেখেছে কাজ করছে। বঙ্গবন্ধুর মেয়ে তার বাবার চোখে এ দেশ দেখে বাবার অসম্পন্ন কাজ করছে।
