রাজশাহী-৬

মন্ত্রী হিসাবে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে হ্যাটট্রিক করতে চান শাহরিয়ার আলম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২১:৫৬

রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দুইবার বিএনপি-জামায়াতের প্রার্থীর সঙ্গে এবং একবার দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে এই আসনে মোট তিনবার নির্বাচন করে ৫০ হাজার বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছি। বাঘা-চারঘাটের মানুষ পাশে থাকলে এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে মন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করতে চাই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর নিজ নির্বাচনী এলাকা বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন আওয়ামী লীগের নৌকার মাঝি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর গড়গড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

এসব বৈঠক ও সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হকের সঙ্গে বিগত সময়ে দু’বার নির্বাচনী খেলা খেলেছি। শেষবার ৫০ হাজার ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছি। আপনারা পাশে থাকলে এবং জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এবার মন্ত্রী হিসাবে হ্যাটট্রিক করতে চাই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, যারা নিজেদেরকে পোশাক শিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে চান, তাদের জন্য বাঘার ছাতারী এলাকায় আমার নিজের জায়গায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি। এছাড়াও যে সমস্ত শিক্ষিত ছেলে-মেয়েরা কম্পিউটার প্রশিক্ষণ নিতে আগ্রহী, তাদের জন্য চারঘাট-বাঘায় পৃথক দু’টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করেছি। ইতিমধ্যে পোশাক শিল্পে প্রশিক্ষণ নিয়ে ৪ হাজার কর্মী ঢাকা এবং ঈশ্বরদী ইপিজেডে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আমি সকলের দোয়ায় সামনের দিনগুলোতে চারঘাট-বাঘার বেকারত্ব দুর করতে চাই।

তিনি আরও বলেন, এ বছর নির্বাচন করতে এসে আমি বিভিন্ন এলাকার মা-বোনদের কাছে পানি সংকোটের কথা শুনতে পাচ্ছি। এ বিয়য়ে আমার সিদ্ধান্ত, শহরের ন্যায় প্রতিটি গ্রামে মিনি ওয়াসার মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করবো।

তিনি অপরাধ প্রতিরোধে দুই উপজেলার সকল বাজারকে সিসি ক্যামেরা এবং ফাঁকা রাস্তায় সৌর স্টিক (লাইট) স্থাপনের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদকের (আব্দুল গনি মহাবিদ্যালয়) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম মোল্লা ও আওয়ামী লীগ নেতা শামসুজোহাসহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতারা।

ইত্তেফাক/এবি