পিরোজপুর-২

নৌকা ক্ষমতায় এলে ভাগ্যোন্নয়ন আরও নষ্ট হবে: যুব মহিলা লীগ নেত্রী

  • স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তীব্র নিন্দা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২২:১৯

নৌকায় ভোট দেওয়া যাবেনা। নৌকা আসলে আমাদের ভাগ্যোন্নয়ন আরও নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক নার্গিস জাহান। পিরোজপুর-২ (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজের পক্ষে উপজেলার রাজবাড়িতে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের সময় এ মন্তব্য করেন তিনি।

এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। নার্গিস জাহানের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এর তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

ভিডিওতে নার্গিস জাহানকে বলতে শোনা যায়, আমরা কেউ যেন নৌকায় না যাই। এ জায়গাটায় আপনারা সবাই ষ্টিল থাকবেন। আমি যে ম্যাসেজ পৌছে দিয়েছি, যে কথা বলেছি, এটা আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলবেন। ভয়ের কোনো কারণ নাই।

এ সময় তিনি আরও বলেন, আমি ভোটারদের সঙ্গে যা বলেছি, তার পুরা ভিডিও ফেসবুকে আসেনি। ভিডিওটি কেটে আংশিক প্রচার করা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার লাভলী আহমেদ বলেন নার্গিস জাহান যুব মহিলা লীগের সাবেক আহ্বায়ক। তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদ উল আহসান বলেন, তিনি যা বলেছেন তা নিন্দনীয় ও ঘৃন্য। এরা আওয়ামী লীগের শত্রু। দলের সুবিধা নিয়ে এখন স্বার্থের জন্য দলের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলছে।

ইত্তেফাক/এএএম