গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৯:১০

গাজীপুরের কালিয়াকৈরে সোমবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ লিয়ন সিদ্দিকী (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। লিয়ন কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার শফিউদ্দিন সিদ্দিকীর ছেলে।

পুলিশ জানায়, লিয়নের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দায়ের করা হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে রাতেই এসআই আতিকুর রহমান রাসেলের নেতৃত্ব পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালায়।

একপর্যায়ে তারা উপজেলার সিনাবহ এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা লিয়ন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি