‘শেখ হাসিনা চেয়েছেন শেষ মিটিং নারায়ণগঞ্জে হবে’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২০:৩৭

আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাজ সাজ রব শুরু হয়েছে। ইতিমধ্যে শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আপাতত মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ সফল বাস্তবায়নে কাজ করছে। এ উপলক্ষে শামীম ওসমানের নেতৃত্বে প্রস্তুতিমূলক সভায় জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনী প্রচারণা সমাবেশের প্রস্তুতি সভা হয়েছে।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন- এখনো নির্বাচন বন্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। শুধু দেশি নয় অনেক বিদেশি শক্তি রয়েছে। শেষ মিটিংটা (নির্বাচনী জনসভা) কোথায় হবে সেটা সিনিয়র নেতারা বসে ঠিক করেছেন। অনেকে শেষ মিটিংটা ঢাকায় করতে চেয়েছিলেন তবে শেখ হাসিনা মনে করেছেন নারায়ণগঞ্জই তার উত্তম জায়গা।

তিনি বলেন, আকাশে শকুন না উড়লে আমাদের এত বেগ পেতে হত না। আমাদের সবচেয়ে বড় বিষয় নেত্রীর নিরাপত্তা। শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ। সেটাই আমরা আলোচনা করবো। আমাদের নির্দেশনা মোতাবেক ও নিজেদের চিন্তাভাবনা করে কাজ করতে হবে। 

জনসভায় প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে উল্লেখ করে আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে এ সমাবেশ হবে। ঈদের জামাতে সেখানে এক লাখ পঁচিশ হাজার লোক নামাজ পড়তে পারে। সে হিসেবে প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে। 

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এবি