চলতি বছরের শেষ সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। তবে বাজার মূলধন বেড়েছে। এছাড়া, বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ি সপ্তাহে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও এখনো অনেক কোম্পানির শেয়ারদর ফ্লোরপ্রাইসে (সর্বনিম্ন দরে) আটকে আছে। এরমধ্যে অনেক ব্ল-চীপ (ভালো কোম্পানি) শেয়ারও রয়েছে। ক্রেতা না থাকায় এসব শেয়ার দীর্ঘদিন ধরে লেনদেন হচ্ছে না।
ডিএসইর তথ্য বলছে, গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২ দশমিক ৭৯ পয়েন্ট। আগের সপ্তাহে সূচকটি কমে ১৭ দশমিক ৫৬ পয়েন্ট। এছাড়া, ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক ৭৫ পয়েন্ট ও ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১ দশমিক ৩১ পয়েন্ট।
বিদায়ি সপ্তাহে দেশের প্রধান এই শেয়ার বাজারে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ১১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫৮৫ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮১ কোটি ৪৬ লাখ টাকা। সপ্তাহ জুড়ে এই বাজারে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ৯২৭ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন কমেছে ৯১১ কোটি ৪০ লাখ টাকা বা ৩১ দশমিক ১৩ শতাংশ। অবশ্য মোট লেনদেন বেশি হারে কমার কারণ গত সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে।
বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি টাকা। যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৭৩ হাজার ৭০৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ১৪৩ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও ২১১টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দাম বেড়েছে ৮৬টির। আর কমেছে ৮৩টি কোম্পানির শেয়ারদর। এছাড়া লেনদেন হয়নি ২৫টির।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ১১ শতাংশ কমে ১৮ হাজার ৫২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৮ হাজার ৫৪১ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের এই বাজারে ৪৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৬ লাখ টাকা। এ সময় সিএসইতে লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭১টির, অপরিবর্তিত রয়েছে ১৫০টির দর।
