জনগণের সম্পদ লুট করে আওয়ামী লীগ শাদ্দাদের বেহেশত বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা লুট করে যে সম্পদ করেছে, পাচার করেছে, আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে- সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। যে কারণে তারাএ নির্বাচন করছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মালিবাগে 'ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে' লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি কথা বলেন।
রিজভী বলেন, এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন। নির্বাচন বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, যুবদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ উপস্থিত ছিলেন।
