শেষ হয়ে গেল আরও একটি বছর, ২০২৩। নানা ঘটন-অঘটনের সাক্ষী বছরটি। বছরজুড়ে রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকারসহ নানা ইস্যুতে দেশে ছিল অস্থিরতা, বিক্ষোভ ও সহিংসতা। আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফি থেকে শুরু করে পরী-রাজের বিচ্ছেদ। এছাড়াও মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিতে অস্থির ছিল দেশের অর্থনীতি।
রাষ্ট্রপতি নির্বাচন, হিরো আলমকে মারধর, আওয়ামী লীগের ‘আসন ভাগাভাগি’ ও ২৮ অক্টোবর সমাবেশের কারণে উত্তপ্ত ছিল দেশের রাজনীতি। বছরের সব ঘটনা-দুর্ঘটনাকে ছাপিয়ে ভোটের ঢামাঢোলে মেতেছে বাংলাদেশ। বছরের সেসব উল্লেখযোগ্য ঘটনার কিছু তুলে ধরা হলো আজকের আয়োজনে:
প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে বাইডেনের সেলফি ২০২৩ সালের অন্যতম আলোচিত বিষয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কয়েকটি ছবি রীতিমতো আলোচনার ঝড় তুলে দেশে।
মূলত,জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের দিল্লিতে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অপরদিকে জোটের সদস্য না হলেও ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অতিথি রাষ্ট্র হিসেবে ওই সম্মেলনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯-১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপম্ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রথম দিন বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়। সেসময় তার সঙ্গে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে তখন হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সেলফি তুলেন বাইডেন। ক্ষমতাসীন দলের অনেক নেতা এ সেলফিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের সম্পর্ক ভালো হয়ে যাবার প্রমাণ হিসেবে বর্ণনা করেন। অনেকে বিষয়টিকে শেখ হাসিনার ‘সেলফি ডিপ্লোম্যাসি’ হিসেবে আখ্যায়িত করেন।
মার্কিন ভিসানীতি ও পিটার হাস
২০২৩ সালে বাংলাদেশের আরেক আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রের ভিসানীতি ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশের কয়েকজন নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। যদিও নিষেধাজ্ঞার তালিকায় থাকা কারও নাম প্রকাশ করেনি দেশটি। এর আগে গত ২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ভিসানীতি ঘোষণা করেন।
ভিসানীতির কারণে স্বাভাবিকভাবেই বছরজুড়ে আলোচনায় ছিলেন পিটার ডি হাস। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন।
অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পিটার হাস দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার অনেক চেষ্টা চালিয়েছেন। আর তার এমন দৌড়ঝাঁপ ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর ফলে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকিও দেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের চাম্বল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীর হুমকি দেশে তীব্র সমালোচনার সৃষ্টি করে। এ ঘটনায় নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এছাড়াও পিটার হাসের বিরুদ্ধে বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানোর অভিযোগ তোলে রাশিয়া।
রাষ্ট্রপতি নির্বাচন
২০২৩ সালে আলোচিত বিষয়ের মধ্যে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তার নাম ঘোষণার আগে কে হচ্ছেন রাষ্ট্রপতি এ নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা।
গণমাধ্যমে তখন রাষ্ট্রপতি পদে কয়েকজনের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। তারা হচ্ছেন-আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মশিউর রহমান, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সব জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও পরে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।
হিরো আলমকে মারধর
কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২৩ সালেও আলোচনায় ছিলেন হিরো আলম। ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী তিনি ব্যাপক আলোচনায় আসেন। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও হিরো আলমকে নিয়ে আলোচনার ঝড় উঠে।
মূলত, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের শেষের দিকে গিয়ে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে। এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও উঠে আসে হিরো আলম প্রসঙ্গ। এর আগে হিরো আলম দুই দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির হয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি
দেশের বাজারে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির বিষয়টি যেমন ছিল আলোচনার তেমনি উদ্বেগের। ২০২১ সালের আগস্ট থেকে দাম বাড়তে থাকলেও এ বছর অনেকটা অস্থির হয়ে উঠে বাংলাদেশের ডলারের বাজার। খোলাবাজারে ডলারের দাম ১২৭ টাকা পর্যন্ত উঠতে দেখা গেছে।
অর্থনীতিবিদদের মতে, অতিরিক্ত এলসি খোলা ও হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানো ডলারের এমন ঊর্ধ্বগতি অন্যতম কারণ। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ডলারের নতুন দাম ঠিক করেছে। ১৩ ডিসেম্বর সংগঠন দুটির সিদ্ধান্ত অনুযায়ী- ডলারের দাম, রপ্তানি ও রেমিট্যান্সের জন্য ১০৯ টাকা ৫০ পয়সা এবং আমদানির ক্ষেত্রে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২৮ অক্টোবরের সমাবেশ
গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশ ছিল দেশের অন্যতম আলোচিত বিষয়। সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্য উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছিল। এদিন ঢাকায় বিএনপি, আওয়ামী লীগ এবং জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। এতে এক পুলিশ সদস্যসহ মোট দু’জন নিহত হয়।
পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে মহাসমাবেশে হামলার অভিযোগে পরদিন হরতালসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়া তাদের সেই কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে। ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ ও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করে।
এডিসি হারুনকাণ্ড
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ, ডিএমপির ক্রাইম বিভাগের এডিসি সানজিদা আফরিন ও রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হকের ত্রিভুজ প্রেমের কাহিনি ২০২৩ সালে দেশের আরেক আলোচিত বিষয়।
এ ত্রিভুজ প্রেমের বলি হতে হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে। এডিসি সানজিদাকে নিয়ে দ্বন্দ্বে রাষ্ট্রপতির একান্ত সচিব আজিজুলের পক্ষ নিয়েছিলেন ছাত্রলীগের দুই নেতা।
এরই দ্বন্দ্বে গত ৯ সেপ্টেম্বর রাতে তাদেরকে বারডেম হাসপাতাল থেকে ধরে নিয়ে শাহবাগ থানায় আটকে রেখে মারধরের অভিযোগ উঠে এডিসি হারুনের বিরুদ্ধে।
ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় এডিসি হারুনকে বদলি করে এপিবিএনে পাঠানো হয়। পরে আরেক দফা বদলির আদেশ তাকে রংপুর রেঞ্জে উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পরী-রাজের বিচ্ছেদ
আলোচনা হবে সেখানে বিনোদন থাকবে না এমন হতেই পারে না। ২০২৩ সালে বিনোদন জগতে দেশের অন্যতম আলোচিত বিষয় চিত্রনায়িকা পরীমনি ও নায়ক শরীফুল রাজের বিচ্ছেদ। গত ১৮ সেপ্টেম্বর নোটিশ পাঠিয়ে রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানেন পরী।
এর আগে গত বছরের ২২ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বিয়ের ১০ মাসের মাথায় তাদের সংসারে আসে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। পরে ‘শাহীম মুহাম্মদ রাজ্যে’র পরিবর্তে নতুন নাম ‘শাহীম মুহাম্মদ পদ্ম’ রাখেন পরী।
মূলত ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে রাজ-পরীর সম্পর্কের খবর। তাদের দেড় বছরের দাম্পত্য জীবনে কম জলঘোলা হয়নি। সর্বশেষ গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে দূরত্ব তৈরি হয়। যা পরবর্তীতে বিচ্ছেদে রূপ নেয়।
আওয়ামী লীগের ‘আসন ভাগাভাগি’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২০২৩ সালে অনেক ঘটনা আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। এসব ঘটনার একটি হলো ‘আসন ভাগাভাগি’। আসন ভাগাভাগি নিয়ে কয়েক সপ্তাহ আলোচনার পর 'সমঝোতা'র মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট শরিক এবং মিত্রদের জন্য ৩২ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
এর মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি এবং শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়া হয়েছে। শরিক দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৩টি, ওয়ার্কার্স পার্টি ২টি ও জাতীয় পার্টি-জেপি’ ১টি আসন পায়।
