বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সম্পদ লুট করে আওয়ামী লীগ শাদ্দাদের বেহেশত বানিয়েছে। এ বেহেশত হাতছাড়া না করতে নিজেরা নিজেরা একতরফা নির্বাচনের আয়োজন করছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে-বিদেশে টাকা পাচার করেছে। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না। সে জন্য আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে।
জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন জনগণের বা ভোটারদের নির্বাচন নয়। এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এখানে ভোটাররা যেতে পারবে না।
