‘১২টি লিখিত অভিযোগ দিয়েছি, একটিরও ব্যবস্থা নেয়নি ইসি’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:০৫

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত ১২টি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ নির্বাচন কমিশনসহ সব দপ্তরে দেওয়া হলেও তারা একটিরও ব্যবস্থা নেয়নি। এমন অভিযোগ করেছেন পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ। 

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তিনি এই অভিযোগ করেন।

বিভিন্নভাবে তার প্রচারণায় বাধা ও হামলা চালানো হচ্ছে উল্লেখ করে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, সরকারের ভেতরে থেকে একটি কুচক্রি মহল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারের ইচ্ছা প্রতিজ্ঞা সেটি বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। সাধারণ মানুষের মাঝে ভীতি ছড়ানো হচ্ছে। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, কয়েকদিন আগে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা পাবনায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় হুমকি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গেলেন। কিন্তু তার সেই কথার বাস্তবে কোন প্রতিফলন দেখা যাচ্ছে না। লেভেল প্লেয়িং ফিল্ড নেই দাবি করে আবু সাইয়িদ বলেন, পাবনা-১ আসনে নৌকার প্রার্থী ডেপুটি স্পিকার এখনও সরকারি প্রটোকল নিয়ে চলছেন। কিন্তু আমার কোন নিরাপত্তার ব্যবস্থা নেই। যাই হয়ে যাক, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলেও দাবি করেন আবু সাইয়িদ।

সংবাদ সম্মেলনে বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও