এবারের নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার নির্বাচন: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:১১

এবারের নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দল পরিবর্তন করা অন্যায় নয়। স্বতন্ত্র হয়ে ব্যবসায় সফল হয়েছি, স্বতন্ত্রভাবে রাজনীতিতেও পরিবর্তন আসতে পারে।

রোববার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাসিরনগর সদরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

একরামুজ্জামান বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আবার বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে। যারা ক্ষমতায় আছে তারা এসব মামলা করছে। এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এসব মামলা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে চাই। নাসিরনগরবাসীর চিন্তায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি, কিন্তু নৌকায় যোগ দেইনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে সারাদেশের জন্য অনুকরণীয় নাসিরনগর প্রতিষ্ঠা করবো। এ সময় তিনি নাসিরনগরের শিল্প-কারখানা গড়ে ৫০ হাজার মানুষকে চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী ও এই সরকার সারা বিশ্বের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তারা এই নির্বাচনের মাধ্যমে বিশ্বদরবারে নির্বাচন নিয়ে হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির সাবেক এ নেতা।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সৈয়দ একরামুজ্জামানের পক্ষে মো. বকুল মিয়া নামে এক কর্মী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ঘটনায় পরদিন (২৮ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ এবং দলের প্রাথমিক সদস্যের পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

ইত্তেফাক/এবি