রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
রোববার (৩১ ডিসেম্বর) বিকালে বিকালে বাগমারার মাদারিগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের নেতৃত্বে তার সমর্থকরা মাদারীগঞ্জ বাজারে প্রচার মিছিল বের করে। এ সময় নৌকার স্থানীয় প্রচার কার্যালয়ে আবুল কালাম আজাদের সমর্থকরা প্রচারণার বিষয়ে সভা করছিল। কাঁচির সমর্থকরা নৌকার প্রচার কার্যালয় অতিক্রমের সময় নৌকার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে শুরু করে। তাদের শ্লোগান শুনে নৌকার সমর্থকরা এনামুল হককে ধর ধর বলে চিৎকার করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
গনিপুর ইউপির নৌকার প্রচারণা কমিটির আহবায়ক আব্দুর রাজ্জাক বাবু জানান, হামলাকারী কাঁচির সমর্থকদের নৌকার সমর্থকরা তাদের প্রতিরোধ করলে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের সামনেই এনামুল হকের নেতৃত্বে তার সমর্থকরা নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে তাদের ১০ জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক নৌকার সমর্থকদের দায়ী করে বলেন, সংঘর্ষের পর তিনি মাদারিগঞ্জ বাজারে প্রতিবাদ সমাবেশও করেছেন। সমাবেশে তিনি তার প্রচার মিছিলে হামলার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তার নেতা-কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
