কলাবাগানে নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৪:৪৬

রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সোমবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।

এ দিন সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন নেতা-কর্মীরা। এখনও আসছেন অনেকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত এই নির্বাচনী জনসভায় থানা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিটের নেতাসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও জড়ো হয়েছেন। ঢাকার দুই সিটির কাউন্সিলররাও লোকজন নিয়ে জনসভায় আসেন।

এদিকে কলাবাগান মাঠে জনসভায় বড় জমায়েতের কারণে আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটের ভোগান্তি এড়াতে অনেকে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

জানা গেছে, জনসভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইত্তেফাক/এসকে