চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে পারিবারিক কলোহের কারণে স্ত্রী শাহনাজা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. মঞ্জিল মিজি ও তার বন্ধু মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড ও উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শাহনাজ বেগমকে তার স্বামী মঞ্জিল ও বন্ধু মিজান গলাচেপে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় শাহনাজের বাবা মো. শাহ্ আলম কচুয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে ৩০২/৩৪ধারায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্যাহ জানান, দীর্ঘ ৮ বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ১৫ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
ইত্তেফাক/আরকেজি
