স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিফাতের নৃশংস হত্যাকাণ্ডে যে বর্বরতা ছেলেরা চালিয়েছে, এ ধরনের ঘটনা যেন বাংলাদেশে আর না হয় আমরা সেটিই চাই।
রিফাত হত্যায় প্রভাবশালী অনেকেই জড়িত, তাদের শেল্টার দেয়া হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো সবাইকে ধরেছি। প্রভাবশালী যারা থাকবে, আমরা নিশ্চয়ই তাকেও বের করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো প্রভাবশালী- এমনকি আমাদের নির্বাচিত প্রতিনিধিকেও আমরা কিন্তু ক্ষমা করছি না।
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আরো পড়ুন: টাইগার সমর্থকদের উদ্দেশে মাশরাফির বার্তা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার সবই করছেন। এর জন্য কোনো প্রভাবশালী, কোনো জনপ্রতিনিধি বা কোনো নেতা আমাদের কাছে অন্তরায় নয়। যে অন্যায় করবে সে আইনের মুখোমুখি হবে।
উল্লেখ্য, বরগুনায় প্রকাশ্য সড়কে স্ত্রীর সামনে রিফাত শরীফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অন্যতম প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
ইত্তেফাক/এমআই
