তারকাদের নতুন বছর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:২১

ইংরেজি নববর্ষের আজ প্রথম দিন। নতুন বছরে নাটক, সিনেমা এবং গানের জগতের তারকাদের কয়েকজনের সঙ্গে কথা হলো। জানালেন নানা ব্যস্ততা ও পরিকল্পনার মধ্যে দিয়ে কীভাবে কাটালেন ২০২৪ এর প্রথম দিনটি। 

গেল বছরটা প্রহেলিকার মতো একটা ভালো সিনেমা, মেয়ের বিয়ে সবমিলিয়ে বেশ ভালো কেটেছে নির্মাতা চয়নিকা চৌধুরীর। ২০২৩ সালে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছেন বলে মনে করেন গুণি এই নির্মাতা। তবে নতুন বছর প্রহেলিকার চেয়েও ভালো কাজ করার আশাও করছেন তিনি।

ইতিমধ্যেই চয়নিকা চৌধুরী ঘোষণা দিয়েছেন শাবনূর ও মাহফুজ আহমেদকে নিয়ে ‘মাতাল হাওয়া’ নামের সিনেমা নির্মাণের। এ প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু আমি শাবনূরের মতো আর্টিস্ট পেয়েছি, পাশে শক্তিমান অভিনেতা মাহফুজ আহমেদকেও পেয়েছি এবং সুন্দর একটা স্ট্রং গল্প পেয়েছি, সো আমার কিন্তু চিন্তার কিছু নেই। 

এটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য দরকার ধৈর্য, ভালোবাসা ও আমাদের সবার ভালোভাবে তৈরি হওয়া। সেক্ষেত্রে যখন আমাদের শিল্পীরা বলবে আমরা তৈরি, তখনি আমরা কাজটি শুরু করবো।

আমাদের লক্ষ্য, আমরা সুন্দর করে সিনেমাটা বানাবো। ‘প্রহেলিকা’ যেমন মানুষ দেখে প্রশংসা করেছে, আমি চাই প্রহেলিকাকে ছাড়িয়ে যাক ‘মাতাল হাওয়া’।

বর্তমান সময়ে অভিনয় জগতে একজন অভিনেতা হিসেবে ইমতিয়াজ বর্ষণ ইতিমধ্যেই দর্শকের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছেন। নতুন বছরের প্রথম দিন কাজের ফাঁকে প্রিয় মানুষদের সঙ্গে ভালো কাটছে তার। 

গেল বছর মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’ সিনেমায় ইমতিয়াজ বর্ষণের অভিনয় বেশ দর্শক নন্দিত হয়েছে। ২০২৪ এ সালজার পরিচালিত কালপুরুষ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন বলে জানান বর্ষণ। এতে আরো থাকছেন চঞ্চল চৌধুরী, সানজিকা আমিনসহ অনেকে।

২০২৩ এ মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এতে কৈশোরের রেণু চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী দীঘি। নতুন বছরের প্রথম দিনটি তিনি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন। 

দীঘির কথায়, বছরের শুরুর দিনটি পরিবারে সঙ্গে আনন্দ নিয়ে কাটিয়ে তারপর ২য় দিন থেকে কাজ শুরু করতে চান তিনি।

এছাড়া ২০২৪ এ দুইজন গুণি নির্মাতার সঙ্গে কাজের কথা রয়েছে বলে নতুন বছর নিয়ে তিনি বেশ আশাবাদী। তবে এ প্রসঙ্গে এখন কিছু না বলে চমক রাখতে চাইছেন তিনি।

শফিক তুহিন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী। চলচ্চিত্রের প্লেব্যাক এবং সঙ্গীত পরিচালনায় তিনি সুপরিচিত। নতুন বছরের প্রথম দিনটি পরিবারেই কাটাতে পছন্দ করেন তিনি। এবারও এর ব্যতিক্রম হয়নি বলে জানালেন তুহিন।

নিজের ও বেশ কয়েকজন শিল্পীর কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন শফিক তুহিন। ২০২৪ এ অতীত কথা শিরোনামে একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই সঙ্গীত শিল্পী।

 

 

 

 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন