বছরের প্রথম দিন সোমবার সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বই। নতুন বই পেয়ে উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
বরিশাল: সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে বরিশালের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ করা হয়। সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
রংপুর: সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিভাগীয় বই উৎসবের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। এ সময় বিভাগীয় মাধ্যমিক উপপরিচালক শফিকুল ইসলাম, প্রাথমিকের বিভাগীয় পরিচালক মুজাহিদুল ইসলাম বুলেটসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু শহরের কামরুন্নেছা আশরাফ বুদ্ধি ও অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন। এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বই বিতরণ উৎসব উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান।
চাঁদপুর: শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।
গাইবান্ধা: বই বিতরণ উপলক্ষে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও শহরের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
জয়পুরহাট: রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ মিলে যৌথভাবে নতুন বই বিতরণ উত্সবের আয়োজন করে। এ সময় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সবুর আলী।
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
মাদারীপুর: নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল।
সিরাজগঞ্জ: সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন।
নাটোর: নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইঞা। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাহাদুজ্জামান।
চরভদ্রাসন (ফরিদপুর): উপজেলার বিএস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।
চাটমোহর (পাবনা): পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ প্রভাষিকা ফিরোজা পারভীন।
কোটালীপাড় (গোপালগঞ্জ): উপজেলার মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বই বিতরণের খবর এসেছে।

