সোহাগ এখন অন্য পেশায়

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৩:১৫

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেও যোগ দিয়েছিলেন ফুটবল ফেডারেশনে। পেশাদার ফুটবল কম্পিটিশন বিভাগে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ২০১১ সালে সোহাগের ওপর ভরসা রাখে বাফুফে। প্রথমে আপত্কালীন দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে সোহাগকে পুরো দায়িত্ব পালন করতে দেয় বাফুফে। সোহাগ এখন অন্য পেশায় নতুন দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর ১৬তম নির্বাহী বোর্ড (২০২৪-২০২৫) নির্বাচনে সংগঠনের ১ হাজার ৫২০ জন সদস্য ভোটের মাধ্যমে সদস্য (ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লিয়াজোঁ) পদে নির্বাচিত হন সোহাগ। তিনি ৫৩১-৪৩১ ভোটে জয়লাভ করেন। কমিটির সভাপতি নির্বাচিত হন ড. আদিল মুহাম্মদ খান। ফিফার নিষেধাজ্ঞার পর নিজেদের পারিবারিক ব্যবসা খান ব্রাদার্স কনস্ট্রাকশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

নতুন দায়িত্ব নিয়ে সোহাগ বলেন, ‘আমি দেশের সকল পরিকল্পনাবিদদের আন্তরিক ধন্যবাদ দিতে চাই যারা নগর ও অঞ্চল পরিকল্পনার এই গুরু দায়িত্ব অত্যন্ত বিশ্বাসের সঙ্গে আমার উপর অর্পণ করেছেন। আমি আমার মেধা ও শ্রম কাজে লাগিয়ে বিআইপিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। আমি  আশাবাদী, নব নির্বাচিত কমিটি প্রধানমন্ত্রীর রূপকল্প-২০৪১ এর পরিকল্পনা সম্পর্কিত বিষয়াদি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’ বিআইপি দেশের পরিবেশ, পরিবহন, নগর ও আঞ্চলিক উন্নয়ন, নিয়ন্ত্রণ, ভৌত পরিকল্পনা সম্পর্কে নীতি-নির্ধারকদের পরামর্শ দেয়। বিআইপির সদস্যরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন শেষে দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।

ইত্তেফাক/জেডএইচ